জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, সপ্তাহ ব্যাপি মৎস্য নিয়ে যে কার্যক্রম হয়েছে তা অব্যাহত রাখতে হবে। মাছের জন্য ক্ষতিকর এমন যে কোন ধরনের জাল, চাইর উপর নিতে হবে কঠোর ব্যবস্থা। হাওরে দেশীয় মাছের অতীত ফিরিয়ে আনতে হবে। হাওরের মাছ রক্ষায় এবং প্রজনন বৃদ্ধিতে উপজেলা পরিষদ পাশে থাকবে। মৎস্য অফিস সহ সকলের সহযোগিতায় হাওরের মাছ রক্ষা করতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে জামালগঞ্জে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক এর সভাপতিত্বে মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য দিল আহমদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ।
সভাপতির বক্তব্যে তনুকা ভৌমিক বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ। এক সময় প্রচুর পরিমানে দেশীয় মাছ পাওয়া যেত হাওরে। বর্ষার মৌসুমে পর্যাপ্ত মাছের দেখা মিলে না। মৎস্য আইন প্রয়োগ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে তিনি বলেন, এক সপ্তাহ মৎস্য অফিসের কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে। চাষিদের মাছের খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। মাছ চাষে বিশেষ অবদানের জন্য তিনজনকে ক্রেষ্ট দেওয়া হবে।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় পোনা উৎপাদনে আব্দুল্লাহ আল মামুন তালুকদার, বিল নার্সারিতে ওয়াসিম চৌধুরী ও মৎস্য চাষী হিসেবে এরশাদ আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।পুরস্কার বিতরণ শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















