হবিগঞ্জের মাধবপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তানভীর (৭) নামে এক মাদ্রাসাছাত্র। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় মাদ্রাসার সকল শিক্ষার্থীদের শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোসলের ছুটি দেওয়া হয়। এসময় অন্যদের সঙ্গে গত এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হওয়া তানভীরও গোসলে যায়।
গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীরের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি কেউই টের পায়নি। পরে মাদ্রাসার শিক্ষকরা গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগেলে তাকে পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
তানভীরের মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন।




















