হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর গহীণ পাহাড় থেকে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়ার গহীণ পাহাড় থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে পুলিশ।
বাবুল মিয়া ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৫ জুলাই রঘুনন্দন পাহাড় এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যান বাবুল।
কিন্তু সন্ধ্যায় গরুগুলো ফিরে আসলেও তিনি ফিরে আসেননি।পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এ ব্যাপারে মাধবপুর থানায় বাবুলের স্ত্রী একটি সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গহীণ পাহাড়ের বরুরা এলাকায় হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গ এ প্রেরণ করে।
বাবুলের স্ত্রী মাহমুদা বেগম তাঁর স্বামীকে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা বাবুলকে হত্যা করা হয়েছে। তবে, সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।




















