কোম্পানীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র যেন মাদকের আখড়া

  • প্রকাশের সময় : ২৬/০৭/২০২৬ ০৭:১৩:৫৪ AM

Share
2

গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখন নিজেই নিরাপত্তাহীনতার প্রতীকে পরিণত হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এমনকি দিনের বেলাতেও স্বাস্থ্যকেন্দ্রের নির্জন অংশে মাদকসেবীদের আনাগোনা চলছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা নারী, শিশু ও বয়স্ক রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের পেছনের অংশ ও আশপাশের বিভিন্ন স্থানে পড়ে আছে মদের বোতল, বিয়ারের ক্যান, ফেনসিডিলের খালি বোতল, সিগারেটের প্যাকেটসহ বিভিন্ন আলামত। স্থানীয়দের দাবি, এসব স্থান দীর্ঘদিন ধরে মাদকসেবনের জন্য ব্যবহার করছে একটি চক্র।
এদিকে জনবল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা ছাড়া আর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। নেই নৈশপ্রহরীও। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মীকে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বদরুল ইসলাম বলেন, একজন মাত্র কর্মী দিয়ে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। অনেক সময় নিরাপত্তার কারণে তাকে ভেতর থেকে দরজা বন্ধ করে দায়িত্ব পালন করতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে। নিয়মিত নজরদারি থাকলে মাদকসেবন বা মাদক ব্যবসার সুযোগ থাকবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছেন, একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে দ্রুত মাদকমুক্ত করে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি জনবল সংকট ও নিরাপত্তা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স

প্রকাশ: ২০২৬-০৭-২৬ ০৭:১৩:৫৪