সিলেট সদরে ‘আগে নিয়োগ, পরে বিজ্ঞপ্তি’, আবেদন থেকে বঞ্চিত প্রার্থীরা

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৬ ০৫:২৯:০০ AM

Share
8

সিলেট সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চাকরিপ্রার্থীরা।
জানা গেছে, আগামী ১ আগস্ট থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শুরুর লক্ষ্যে সিলেট সদর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য আবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল ২১ জুলাই থেকে ২৩ জুলাই বিকেল ৩টা পর্যন্ত।

তবে অভিযোগ উঠেছে, আবেদন আহ্বানের বিজ্ঞপ্তি সিলেট সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয় ২৩ জুলাই রাতে। অর্থাৎ নির্ধারিত আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়।

এ কারণে অনেক আগ্রহী ও যোগ্য প্রার্থী সময়মতো বিজ্ঞপ্তির তথ্য না পাওয়ায় আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বঞ্চিত প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, বিষয়টিতে কিছুটা অস্পষ্টতা থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত একটি ভুল।
তিনি আরও জানান, বঞ্চিত প্রার্থীদের বিষয়টি বিবেচনা করে আবেদনের সময়সীমা পুনরায় বাড়ানো হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-২৫ ০৫:২৯:০০