কুরিয়ারে ছড়াচ্ছে দেশজুড়ে, সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মাল

  • প্রকাশের সময় : ১৮/০৭/২০২৬ ০৪:১৩:৩৬ PM

Share
11

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মালস্টাফ রিপোর্টার:সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান ব্যবসা। নেপথ্যের গডফাদাররা আড়ালে থাকায় এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অধরাই রয়ে গেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, কালীঘাটের এই চোরাচালান চক্রের অন্যতম মূলহোতা সাদ্দাম নামের এক ব্যক্তি।

স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, রাতের অন্ধকার নেমে আসলেই সীমান্ত পেরিয়ে আসা অবৈধ ভারতীয় কাপড়, কসমেটিকস, মসলা ও চা পাতাসহ বিভিন্ন পণ্যের বড় বড় চালান কালীঘাটে প্রবেশ করে। সাদ্দাম ও তার সহযোগীরা অত্যন্ত গোপনে এসব চোরাই মাল ট্রাক ও পিকআপ থেকে নামিয়ে কালীঘাটে অবস্থিত সাদ্দামের নিজস্ব গোডাউনে (গুদাম) মজুত করেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করে এই চক্র। গোডাউন থেকে এসব অবৈধ পণ্য বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পাচার করা হয়। এই চক্রের সাথে স্থানীয় ও সীমান্তবর্তী আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গেছে।

চোরাচালানের এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে সাদ্দামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, গত ৩ মাস ধরে আমার এখানে কোনো ধরনের মালামাল আসছে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।

তবে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, কালীঘাটে সাদ্দামের এই চোরাচালান সিন্ডিকেটের কারণে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি বৈধ ব্যবসায়ীরাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই চক্রের নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৭-১৮ ১৬:১৩:৩৬