যুক্তরাজ্যে অস্থায়ী কাজের নতুন সুযোগ, ‘সার্ভিস সাপ্লায়ার’ ভিসায় যেতে পারবেন বিদেশি পেশাজীবীরা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আওতায় দক্ষ কর্মীদের জন্য বিশেষ এই ভিসা, তবে নেই স্থায়ী বসবাসের সুযোগ। যুক্তরাজ্যে অস্থায়ীভাবে কাজের সুযোগ তৈরি করেছে গ্লোবাল বিজনেস মোবিলিটি (জিবিএম)–সার্ভিস সাপ্লায়ার ভিসা। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আওতায় বিদেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী ও স্বনিয়োজিত পেশাজীবীরা নির্দিষ্ট শর্ত পূরণ করে এই ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে গিয়ে কাজ করতে পারবেন।
এই ভিসার মূল উদ্দেশ্য হলো—যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক সেবা প্রদানের জন্য বিদেশি দক্ষ জনবলকে সাময়িকভাবে যুক্ত করা। আবেদনকারীকে অবশ্যই এমন একটি সেবা চুক্তির আওতায় থাকতে হবে, যা যুক্তরাজ্যের অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি যুক্তরাজ্যের অনুমোদিত স্পনসর প্রতিষ্ঠানের কাছ থেকে সার্টিফিকেট অব স্পনসরশিপ (CoS) প্রয়োজন হবে।
কারা আবেদন করতে পারবেন?
সার্ভিস সাপ্লায়ার ভিসার আওতায় সাধারণত দুই ধরনের পেশাজীবী আবেদন করতে পারেন—
বিদেশি প্রতিষ্ঠানের কর্মী, যারা যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সেবা দিতে আসবেন।
বিদেশে অবস্থানরত স্বনিয়োজিত পেশাজীবী (Self-employed professional), যারা নির্দিষ্ট সেবা প্রদানের জন্য যুক্তরাজ্যে যাবেন।
আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা বা অভিজ্ঞতা থাকতে হবে। অনেক ক্ষেত্রে আবেদনকারীর বিদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা একই খাতে নির্দিষ্ট সময়ের কাজের অভিজ্ঞতার প্রমাণও প্রয়োজন হয়।
কতদিন থাকা যাবে?
এই ভিসার মেয়াদ কাজের ধরন ও চুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়। এটি মূলত একটি অস্থায়ী কর্মসংস্থান ভিসা। গ্লোবাল বিজনেস মোবিলিটি রুটের আওতায় নির্ধারিত সীমার মধ্যে অবস্থানের অনুমতি দেওয়া হয়।
পরিবার নেওয়ার সুযোগ
সার্ভিস সাপ্লায়ার ভিসায় আবেদনকারীর যোগ্য স্বামী/স্ত্রী বা সঙ্গী এবং সন্তানরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে নির্ভরশীল (Dependants) হিসেবে যুক্তরাজ্যে আসার আবেদন করতে পারেন।
স্থায়ী বসবাসের পথ নয়
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিসা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের (Settlement/ILR) পথ তৈরি করে না। অর্থাৎ এই রুটে আসা ব্যক্তিরা সরাসরি স্থায়ীভাবে থাকার অধিকার অর্জন করতে পারবেন না। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ব্রেক্সিটের পর বিভিন্ন খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে যুক্তরাজ্য এমন অস্থায়ী কর্মী বিনিময় ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। তবে আবেদনকারীদের অবশ্যই ভিসার শর্ত, স্পনসর প্রতিষ্ঠানের বৈধতা এবং কাজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে আবেদন করা উচিত।




















