সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সময়’ টিভির নামে একটি কথিত সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রচারকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সময় টিভি সিলেট ব্যুরো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে।
সতর্কবার্তায় সময় টিভি সিলেট ব্যুরোর পক্ষ থেকে দাবি করা হয়, সামাজিক মাধ্যমে যাঁর পরিচয়পত্র প্রচার করা হচ্ছে, তাঁর সঙ্গে Somoy News-এর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি সময় টিভি সিলেট ব্যুরোর কোনো রিপোর্টার নন এবং প্রচারিত পরিচয়পত্রটিও প্রতিষ্ঠানটির ইস্যুকৃত নয় বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া পোস্টে আরও জানানো হয়, সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় সময় টিভির কোনো রিপোর্টার কর্মরত নেই। ফলে ওই পরিচয়ে কেউ সাংবাদিকতার দাবি করলে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সময় টিভি সিলেট ব্যুরো সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পরিচয়পত্র বা বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের প্রকাশিত সতর্কবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করারও অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের একাংশ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার




















