স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য জীবনের ১৭ অর্জন

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৬ ০৬:৫৬:২৮ PM

Share
6

মুক্তিযুদ্ধ, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, ক্রীড়াঙ্গন ও সাহিত্য—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ কর্মজীবনে তিনি অর্জন করেছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।

তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'বীর বিক্রম' খেতাব লাভ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ ও একাধিক সম্মুখযুদ্ধে নেতৃত্ব প্রদান। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়াঙ্গনেও রয়েছে তাঁর উজ্জ্বল সাফল্য। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) সহ-সভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

অ্যাথলেট হিসেবে ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন তিনি। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ২০০৪ সালে FIFA Order of Merit সম্মাননা অর্জন করেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি 'রক্তে ভেজা একাত্তর', 'গণতন্ত্র রিমাণ্ডে', 'সৈনিক জীবন' ও 'গৌরবাঙ্গনে'সহ একাধিক গ্রন্থ রচনা করেছেন।

রাষ্ট্র, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অবদানের কারণে হাফিজ উদ্দিন আহমদ দেশের অন্যতম বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২৫ ১৮:৫৬:২৮