সিলেটে পুলিশের অভিযানে ১৩০ গ্রেফতার, ৮২ যানবাহনে মামলা ও আটক

  • প্রকাশের সময় : ০৮/০৭/২০২৬ ০৯:১০:৪৯ PM

Share
10

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৭ জুলাই রাত ১২ টা থেকে শুরু করে ৮ জুলাই সকাল ৮ টা পর্যন্ত একটানা ৩২ ঘণ্টার এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সাথে ট্রাফিক আইনের ব্যত্যয় ঘটানোয় ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।এসএমপি সদর দপ্তর সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অবৈধ হকার এবং সন্দেহভাজন ব্যক্তি।

এছাড়াও মেট্রো অধ্যাদেশ ও ম্যাজিস্ট্রেটের রায়ে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন আসামিও এই তালিকায় রয়েছেন।অভিযান চলাকালীন সময়ে পুলিশ বেশ কিছু অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫৭ পিস চোরাই পথে আসা ভারতীয় কম্বল এবং ১,২১৮ পিস কিটক্যাট চকলেট।

এদিকে মহানগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়া হয়। ট্রাফিক পুলিশের অভিযানে আইন অমান্য করায় ৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ৪০টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ৮২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরীতে অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন প্রশংসনীয় ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-০৮ ২১:১০:৪৯