প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত-১৫-এ (সিআর-২৩৪১/২০২২ নম্বর মামলা) হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নাজনীন আক্তার তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় এএসপি সোহেল উদ্দিন এতদিন জামিনে ছিলেন। গত মাসে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম (ট্রায়াল) শুরু হয়। আজ বুধবার মামলাটিতে হাজিরার দিন ধার্য থাকায় তিনি আদালতে উপস্থিত হন। তবে শুনানি শেষে আদালত তাঁর পূর্ববর্তী জামিন বাতিল করে সরাসরি হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি পৃথক মামলার বিচার কার্যক্রম শুরুর দিনও আজ বুধবার ধার্য ছিল। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট মামলায় আসামি সোহেল উদ্দিনের জামিন বাতিল করেছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাঁকে বিচারিক হেফাজতে নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।



















