জাপানের বিপক্ষে জিতলেও, স্বস্তিতে নেই ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি। নতুন করে ইনজুরিতে পড়েছেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। তবে, প্রতিবন্ধকতার মাঝেই জয়ের চ্যালেঞ্জ খুঁজে নিতে পছন্দ করেন ইতালিয়ান মাস্টারমাইন্ড।
সেলেসাওদের উজ্জ্বীবিত করতে প্রতি ম্যাচেই গ্যালারিতে ছুটে যান দেশটির সাবেক তারকা ফুটবলাররা। কুনিয়া, ভিনিদের নানা পরামর্শ দেন রোনালদো, কাফুরা।
জাপানের বিপক্ষে জিতলেও নির্ভার থাকতে পারছে না ব্রাজিলিয়ানরা। রাউন্ড অব থার্টি টু'এর বাধা পেরোতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে সেলেসাওদের। সামনের পথটা যে সহজ নয়, তা বলাই যায়। কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আরও কঠিন। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির খবরে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলছে কার্লো অ্যানচেলত্তির।
এমনিতেই সেরা কম্বিনেশনের জন্য রীতিমতো চুল ছিড়তে হচ্ছে কোচকে। বারবার প্লেয়ারদের পজিশন বদলে সাজাতে হচ্ছে গেম প্ল্যান। ম্যাচ বাই ম্যাচ তো বটেই, একটা ম্যাচ চলাকালীনও ফুটবলারের পজিশন বদলে ফাইন টিউন করতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইনজুরি।
হাফ-ফিট নেইমারকে নিয়ে হেক্সা মিশনে ব্রাজিল। পোস্টার বয়ের কাছ থেকে আগের সেই সার্ভিস আশা করা বোকামি। রদ্রিগো, এস্তেভাও, ওয়েসলির মতো খেলোয়াড়রা ইনজুরির কারণে নেই স্কোয়াডে। আবার আসরের মাঝে চোটে পড়েছেন রাফিনিয়া। তালিকাটা আরও লম্বা হচ্ছে। জাপানের বিপক্ষে ম্যাচে নাকি ইনজুরিতে পড়েছেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে রাউন্ড অব সিক্সটিনের মহারণে পাওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যদিও দলকে সাহস জোগাতে সবসময় পাশে থাকছেন দেশটির ফুটবল কিংবদন্তিরা। অ্যানচেলত্তির দল যেখানেই ম্যাচ খেলছে, গ্যালারিতে দেখা যাচ্ছে রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু, কাকা, রিভালদো, বেবেতোদের। নকআউটের কঠিন বাধা পেরোতে ভেন্যুগুলোতে দেখা হলে ভিনিসিয়ুস-কুনিয়াদের নানা বুদ্ধি-পরামর্শও নিশ্চয় দিচ্ছেন লিজেন্ডরা।
সেলেসাওদের মূল চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে স্কোরিং দুর্বলতা কাটিয়ে ওঠা। কঠিন প্রতিপক্ষের সামনে বেশ বেগ পেতে হচ্ছে ভিনি, কুনিয়া, মার্তিনেল্লিদের। এই সময়ে ব্রাজিলিয়ানরা সবচেয়ে বেশি মিস করছে রোনালদো নাজারিওকে।
শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে নরওয়েকে।
স্পোর্টস ডেস্ক :



















