বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২৬ ১১:২৯:৫৮ AM

Share
12

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায়  বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর নেতৃত্বে অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি আভিযানিকদল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

পরে বিজিবি সদস্যরা ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে ভোরের দিকে সীমান্ত পিলার ১৩৮৫/এম হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান হতে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
মনসুর আহমদ, বড়লেখা

মনসুর আহমদ, বড়লেখা

প্রকাশ: ২০২৬-০৬-২৫ ১১:২৯:৫৮