জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে টিলা ধসে একটি গোয়ালঘরের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মৃত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে মন্তাজ আলীর বসতঘরের পেছনের একটি টিলা হঠাৎ ধসে পড়ে। এতে তার গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী মন্তাজ আলী জানান, টিলা ধসে পড়ে গোয়ালঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গবাদিপশুগুলো অনেক কষ্টে উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া একটি রিং কুয়াও মাটির নিচে চাপা পড়ে যায়। মুজাহিদ আলী ও মাহবুব আহমদ জানান, টিলা ধসের ঝুঁকি এখনও রয়ে গেছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
সাগরনাল ইউনিয়নের ইউপি সদস্য আখলিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে দুঃখজনক ঘটনা উল্লেখ করেন। সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, টিলা ধসে পরার খবর পেয়েছি আমি ঘটনাস্থলে যাবো মাটি গুলো কি ভাবে সরানো যায় সেই ব্যবস্থা করব, তিনি আরো বলেন, নতুন করে আর কেউ যেনো টিলা আর না কাটে টিলা কাটার কারণে ভূমি ধস হচ্ছে।
জালালুর রহমান, জুড়ী




















