বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৬ ০১:৫০:১৫ PM

Share
6

বিশ্বকাপের মৌসুমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিয়ালকোটে তৈরি ১ হাজারটি ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার (২১ জুন) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলগুলো হস্তান্তর করেন।


পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও যুব উন্নয়নের প্রসারে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’র অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।


বিবৃতিতে বলা হয়, বৈঠককালে হাইকমিশনার এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন) বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটে প্রস্তুতকৃত উচ্চমানের ১ হাজারটি ফুটবল উপহার দেন। ফুটবলগুলো ইতোমধ্যে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো সারা দেশের সরকারি স্কুলগুলোতে বিতরণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইমরান হায়দার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের তরুণদের শারীরিক শিক্ষা ও ফিটনেস চর্চার পাশাপাশি ফুটবলের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।


আলোচনা প্রসঙ্গে হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে স্বীকৃত। তিনি জানান, শিয়ালকোটের ‘ফরওয়ার্ড স্পোর্টস’ ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ প্রস্তুত করেছে।


বিবৃতিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাকিস্তানের এই সৌজন্যমূলক উপহারের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আলোচিত বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২০২৬-০৬-২২ ১৩:৫০:১৫