জৈন্তাপুরে ডিবির নামে চোরাচালানের টাকায় লাখ টাকা চাঁদাবাজি: নেপথ্যে কাউয়া ফারুক সিন্ডিকেট

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৬ ০১:০৮:৩৪ PM

Share
8

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে কাউয়া ফারুক) সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।


দীর্ঘদিন ধরে এই চক্রটি সীমান্ত এলাকা দিয়ে আসা বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিত এই অর্থ আদায় করে আসছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।


স্থানীয় একাধিক সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে আসা গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা, কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসব চোরাই পণ্যের চালান থেকে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে এই চক্রটি।


অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকারীদের ভয়ভীতি দেখিয়ে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পার পেয়ে গিয়ে অভিযুক্তরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।


এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সচেতন মহল চোরাচালানের আড়ালে এই চাঁদাবাজির ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিবি পুলিশের নাম ব্যবহারকারী চক্রটিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২২ ১৩:০৮:৩৪