ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে চারটি মাছ ধরার নৌকাসহ দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় (IMBL) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।
এরপর সোমবার (৮ জুন) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও গতিশীল ও সহজতর হয়েছে।
সংস্থাটি আরও জানায়, দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।




















