হবিগঞ্জ শহরে ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই মালামাল বাণিজ্য, আটক ১

  • প্রকাশের সময় : ২৯/০৪/২০২৬ ০৭:০০:৩৭ AM

Share
14

হবিগঞ্জ শহরে ভাঙারি (স্ক্রাপ) ব্যবসার আড়ালে চোরাই মাল কেনাবেচার একটি সংগঠিত চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ বাণিজ্যের মাধ্যমে অনেক ভাঙারি ব্যবসায়ী অল্প সময়ে বিপুল অর্থসম্পদের মালিক বনে গেছেন বলে স্থানীয়দের দাবি।


এ অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালসহ এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (গতকাল) হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনু মিয়া নামে এক ভাঙারি ব্যবসায়ীকে চোরাই মালামালসহ আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে বিভিন্ন ধরনের চোরাই লোহা ও বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরে অর্ধশতাধিক ভাঙারি দোকান রয়েছে। এসব দোকানের একটি অংশ বৈধ ব্যবসার আড়ালে চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি শিশুদের ব্যবহার করে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা থেকে মূল্যবান সামগ্রী চুরি করাচ্ছে।


শিশুরা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানির মোটর, টিউবওয়েল, লোহার সামগ্রী, এমনকি বৈদ্যুতিক তার পর্যন্ত চুরি করে এনে এসব ভাঙারি দোকানে বিক্রি করছে। এতে একদিকে যেমন চুরি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছে, দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা শহরের সকল ভাঙারি দোকানের ওপর নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, “চোরাই মাল কেনাবেচার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


পুলিশ জানিয়েছে, আটককৃত মনু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২৬-০৪-২৯ ০৭:০০:৩৭