হবিগঞ্জে বেড়ে চলেছে নদ-নদীর পানি। রোববার (১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত খোয়াই, কালনি, কুশিয়ারা, ধলেশ্বরসহ সব নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। পানি বাড়ার সাথে মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাবাসে বন্যা হওয়ার আশঙ্কাও করছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার বিকেলে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানিয়েছেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ২১ দশমিক ৯, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৯ দশমিক ২, মাছুলিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপর দিকে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৯ দশমিক ৯২, মার্কুলি পয়েন্টে ৫ দশমিক ৫২ এবং আজমিরিগঞ্জ পয়েন্টে ৪ দশমিক ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার হবিগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪১ মিলিমিটার। যা গতকাল ছিল ১২৮ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















