সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার বেহেলি সড়কে রাজাপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত আশিক নূর (৪৫) বেহেলি আলীপুর গ্রামের সুকুর মামুদের ছেলে। অপর নিহত সোলেমান মিয়া বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেহেলি থেকে মোটরসাইকেলে করে আশিকনূর ও সোলেমান সাচনাবাজার আসছিলেন। পথে রাজাপুর সেতুর কাছে মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ও যাত্রী। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, স্বজনরা এসে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহতদের মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















