২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এই প্রথম ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল এই এক্সরে মেশিন স্থাপন করে শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। এক্সরে মেশিন এর কার্যক্রম শুরু হলে হাসপাতালে স্বল্প মূল্যে এক্স-রে সেবা পাবে রোগীরা। পাশাপাশি এক্সরে করতে ভোগান্তি পোহাতে হবে না রোগীদের।
শনিবার (৯ নভেম্বর) সকালে হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে হাসপাতালের তত্ত্বাবধায়ক পোস্টের মাধ্যমে জানান দেওয়ার পরপরই কমেন্ট বক্সে ও বিভিন্ন পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন অনেক নেটিজেনরা।
এক্সরে মেশিন স্থাপনের বিষয়টি নিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আহমেদ ফাহিম তার নিজ ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থাপিত হচ্ছে ডিজিটাল এক্স-রে মেশিন। মানব কল্যাণে পরিচালক স্যারের এই উদ্যোগকে স্বাগত জানাই। আশাকরছি খুবই দ্রুত আমরা হাওরবাসী সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে এক্সরে সেবা পাবো। আমরা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে স্যারকে (তত্ত্বাবধায়ক) আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
তত্ত্বাবধায়কের ঐ পোস্টে পলক দাস জয় কমেন্ট করে বলেন, ‘আশা করছি সাধারণ জনগণের আর্থিক সাশ্রয় হবে, সেই সাথে সঠিক রোগ নির্নয়ে মাধ্যমে সুনামগঞ্জের স্বাস্থ্যসেবার মান বাড়বে।’ মো. নজরুল নামক আরেকজন কমেন্ট করে বলেন, ‘এখন বাহিরের সিন্ডিকেট থেকে রক্ষা পাব আমরা সুনামগঞ্জ বাসি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা আবুল হাসনাত বলেন, ‘সুনামগঞ্জ সদর হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হচ্ছে, সত্যি এটি হাওর বাসীর জন্য আনন্দের। আমরা চাই দ্রুত এক্সরে মেশিন চালু করা হউক, যাতে করে রোগীরা স্বল্প মূল্যে সেবা নিতে পারেন।’
এক্সরে মেশিন স্থাপন এর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, এক্সরে মেশিন স্থাপন এর কাজ চলমান রয়েছে৷ স্থাপন কাজ শেষ হলে শীঘ্রই মেশিন চালু করে স্বল্প মূল্যে রোগীদের এক্সরে সেবা নিশ্চিত করা হবে।
তানভীর আহমেদ, সুনামগঞ্জ:




















