দোয়ারাবাজারে চার বছরেও মেরামত করা হয়নি ব্রিজ, ভোগান্তি

  • প্রকাশের সময় : ২০/১০/২০২৪ ০৯:০১:০৫ AM

Share
31

প্রায় ৪ বছর ধরে ধসে পড়ে আছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের পুটিপুশি ব্রিজ। তবে এখনো পর্যন্ত ব্রিজটির মেরামত না করায় প্রতিনিয়তই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। ২০২০ সালের ২৯শে জুলাই বন্যায় ব্রিজটি সম্পূর্ণভাবে ধসে যায়। এরপর থেকে এখনো মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি সুরমা নদীর পাড় সংলগ্ন নূরপুর সিএনজি স্টেশনের সঙ্গে আমবাড়িবাজার ও সুনামগঞ্জ জেলা সদরের সংযোগ স্থাপন করেছে। এই সড়ক পথ দিয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা, বোগলাবাজার, লক্ষীপুর ও মান্নারগাঁও ইউনিয়নের একাংশের প্রায় ৫০ হাজার মানুষ জেলা সদরে আসা-যাওয়া করে থাকে।

সরজমিন ধসে পড়া ব্রিজের উপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে সিএনজিচালিত যানবাহনসহ শিক্ষার্থী, নারী, শিশু, বয়োবৃদ্ধ ও সাধারণ পথচারীদের পারাপার হতে দেখা গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ কাজের সময় ব্রিজটি টেকসইভাবে নির্মাণ করা হয়নি এবং সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকির অভাব ছিল। যেকারণে নির্মাণের অল্পদিনের মধ্যেই সামান্য বন্যার পানির স্রোতে ব্রিজটি ধসে পড়ে যায়। 

স্থানীয় বাসিন্দা রিটন দাস জানান, ‘ব্রিজটি ধসে পড়ে আছে ৪ বছর ধরে অথচ দেখার কেউ নেই!’ নূরপুর সিএনজি স্টেশনের সিএনজি চালকরা বলেন, ‘ব্রিজ ধসে পড়ার পর থেকে বাঁশের সাঁকোর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে সিএনজি পারাপার করছি। এতে যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমদ জানান, ব্রিজের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। ইতিমধ্যে ব্রিজটির টেন্ডার সম্পন্ন হয়েছে। পিসি গার্ডার সম্বলিত এই ব্রিজের বরাদ্দ ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা।’


সিলেট প্রেস / ২০ অক্টোবর ২০২৪/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-২০ ০৯:০১:০৫