সুনামগঞ্জের ধর্মপাশায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে মধ্যরাতে সন্ত্রাসী হামলা

  • প্রকাশের সময় : ২৯/০৬/২০২৪ ০৩:১০:০৭ PM

Share
87

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কুলসুমা বেগমের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার।

সূত্রে জানা যায়, ভুক্তভোগী কুলসুমা বেগম ধর্মপাশা গ্রামের জালাল উদ্দিন ও অজিফা খাতুনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সূত্রে আরো জানা গেছে, বাংলাদেশে থাকাকালীন অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী রাজনৈতিক দলের এক প্রভাবশালী নেতা সম্রাট দীর্ঘদিন ধরে কুলসুমা বেগমকে নানাভাবে হয়রানি করে আসছেন। কুলসুমা দেশে না থাকলেও তার পিতার বাড়িতে প্রায়ই খোজ-খবর নেন আওয়ামীলীগ নেতা সম্রাট । তার রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী বাহিনীর কারণে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী কুলসুমা বেগমের সুনামঞ্জের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে ঘরের জানালা ও দরজায় ভাঙচুর করে। পরে বাড়ির ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করা হয় পরিবারের নারী-পুরুষ সদস্যদের। একপর্যায়ে তারা হুমকি দিয়ে বলে, ‘কুলসুমা দেশে আসলে তাকে আমাদের হাতে তুলে দিতে হবে, না হলে পরিবারের সবাইকে খেসারত দিতে হবে। এ ঘটনায় কুলসুমার পরিবারের সদস্যরা আতঙ্কে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।’

এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ভাঙচুরের ঘটনাা বিষয়টি মামলা করার জন্য থানায় জানানো হয়। তবে পুলিশ কোনো ধরনের সহায়তা করেইনি, উল্টো অভিযোগ না করার জন্য পরিবারকে জানায়। তাদের অভিযোগ, আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যে কারণে আইনী সহায়তা পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা আরও বলেন, বর্তমানে তারা গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা চান না কুলসুমা দেশে ফিরে এমন কোনো বিপদের মুখে পড়ুক। কুলসুমা যেখানেই থাকুক, যেন নিরাপদে থাকে-এটাই পরিবারের একমাত্র চাওয়া। বরং আশঙ্কা ও উৎকণ্ঠায় দিন কাটছে, যদি কুলসুমা দেশে ফেরে তবে তার জীবনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এমন কোনো অভিযোগ আমাদের কাছে এখনও জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা আরো বলেন, প্রভাবশালী রাজনৈতিক নেতা সম্রাট ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।  তারা প্রশাসনের নিরব ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। কুলসুমা বেগমের পরিবারের ওপর এই নির্মম হামলা ও লুটপাটের দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।


সিলেট প্রেস / এস এ


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-০৬-২৯ ১৫:১০:০৭