সুনামগঞ্জ ১ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। ৭ তারিখের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। নির্বাচনে বিভিন্ন সভা সমাবেশে শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যেতে চাই । দেশের অন্যান্য অঞ্চলের যেভাবে উন্নয়ন হয়েছে, আমার নির্বাচনী এলাকায় সেভাবে হয়নি। আমার প্রথম কাজ হাওরের উন্নয়নে রূপরেখা তৈরি করা। হাওর জনপদকে এগিয়ে নিতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। হাওরের বাঁধ নির্মাণে পিআইসি গঠনের ক্ষেত্রে আমি সম্পূর্ণ অজ্ঞাত। যারা আমার নির্বাচনে বিরোধিতা করেছে বাঁধ নির্মাণে তাদের ষড়যন্ত্র নিয়ে আমি আশঙ্কায় আছি। বাঁধ নির্মাণে সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আমি রাজনীতির মাঠে ছিলাম, এখন সংসদ সদস্য হিসেবে আপনাদের জীবন মান উন্নয়নে মৌলিক চাহিদা পূরণে আজীবন কাজ করতে চাই। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্ল্যাহ সরকার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, গোলাম জিলানী আফেন্দি রাজু, উপজেলা কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল মালিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সরকারি - বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাসিক সভা শেষে উপজেলা হেলিপ্যাড মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সভার
আগে উপজেলার উপকন্ঠে তেলিয়া- নতুনপাড়া রাস্তায় কাজের উদ্বোধন করেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















