সুনামগঞ্জে খাসজমি নিয়ে সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : ১৩/০১/২০২৪ ১২:৩৭:১৬ PM

প্রতিকী ছবি

Share
47

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে সরকারি খাসজমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের ফয়জুন্নুর (৫৫)।


গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) মানিকদা গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে।


দিরাই থানা ওসি (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মানিকদা গ্রামের মৃত নুর আলীর ছেলে ফজলু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ফয়জুন্নুরের খাসজমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল ১১টায় বিরোধকৃত জমিতে ফয়জুন্নুর ধান লাগাতে গেলে ফজলু মিয়ার লোকজন বাধা দিলে সেখানেই উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।


এতে নিহত ফয়জুন্নুর (৫৫) ও তার ভাই জয়তুন্নুর (৫০) আহত হন। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত ফয়জুন্নুরকে কর্তব্যরত চিকিৎসক ইতিষা রায় মৃত বলে ঘোষণা করেন।


দিরাই থানা ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, সকালে খাসজমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সিলেট প্রেস / ১৩ জানুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০১-১৩ ১২:৩৭:১৬