মেয়ে কন্যাসন্তান জন্ম দেওয়ায় জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের

  • প্রকাশের সময় : ১৭/০৪/২০২৩ ০৫:৩৮:৪৫ AM

Share
70

সুনামগঞ্জের ছাতকে মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন মকবুল আলী নামের এক ব্যক্তি। শনিবার রাতে গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের ধারণবাজারে মুসলিম মিয়ার ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কন্যাসন্তান নিয়ে স্ত্রীর সঙ্গে কলহের জেরে জামাই সেলিমের হাতে খুন হন মকবুল আলী। এ ঘটনায় রাতেই সেলিম মিয়া ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

সেলিম মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক। সম্প্রতি কন্যাসন্তান জন্মের পর স্ত্রীর সঙ্গে সেলিমের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ বিবাদ মীমাংসা করতে শনিবার রাতে মকবুল আলী মেয়ের জামাইয়ের বাসায় যান। জামাই-শ্বশুরের বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে শ্বশুর মকবুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

এ ঘটনার পর সেখানে উপস্থিত ব্যক্তিরা আহত মকবুল আলীকে প্রথমে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আটক সেলিম ও তার ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



সিলেট প্রেস / ১৭ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৭ ০৫:৩৮:৪৫