সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অবৈধ পথে আসা ৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। এসময় কাউকে আটক করা যায়নি। বুধবার (২৬ জুলাই) দুপুরে সাতপাড়া বাজার থেকে যাত্রীবাহী একটি নৌকা থেকে এসব ৭৫বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি চিনি রয়েছে।
ভারতীয় চিনি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
জানা যায়,দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে ওই যাত্রীবাহী নৌকাটি সকালে আজমিরিগঞ্জ উপজেলায় যাত্রীসহ ৭৫ বস্তা চিনি নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে নৌকাটি আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে ওই নৌকা থেকে এসব ভারতীয় চিনি জব্দ করে নিয়ে আসা হয় শাল্লা উপজেলায়। তবে ৭৫ বস্তা চিনি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান,জব্দ করা চিনির মালিককে তা জানা যায়নি। নৌকায় নারী-পুরুষ ও প্রতিবন্ধী যাত্রী থাকায় নৌকাটি আটক করা সম্ভব হয়নি। যেই চিনির প্রকৃত মালিক তাকে প্রকৃত কাগজপত্র দেখাতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




















