জকিগঞ্জে আগুনে পুড়ল শিক্ষক দম্পতির ৩০ লাখ টাকার স্বপ্ন ও জীবনের শেষ সম্বল

  • প্রকাশের সময় : ২৫/০৭/২০২৬ ০৭:০৪:৫৬ AM

Share
3

সিলেটের জকিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, পেনশনের গুরুত্বপূর্ণ নথি, শিক্ষাগত সনদপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক দম্পতি হলেন—জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মো. এখলাছুর রহমান ও তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সালমা খাতুন।

ভুক্তভোগী এখলাছুর রহমান জানান, সকালে হঠাৎ আগুনের খবর পেয়ে প্রতিবেশীদের চিৎকারে তাদের ঘুম ভাঙে। পরে কোনো রকমে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন তারা। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে পেনশনের প্রয়োজনীয় কাগজপত্র, পাঁচ ছেলের শিক্ষাগত সনদ, নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সবকিছু পুড়ে গেছে।

খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-২৫ ০৭:০৪:৫৬