টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৬ ০৯:২৯:৪৮ PM

Share
4

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শনের পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম এ তদন্ত কমিটি গঠন করেন।


গঠিত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখকে আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সৌভিক সরকার এবং স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস।


বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ সরকারি টিফিন হিসেবে দেওয়া রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষক সারমিন জাহানকে জানায়। রুটি খাওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় শিক্ষার্থী কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।


এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি উৎপাদন হওয়ায় বড় আকারের কোনো ধাতব বস্তু ভেতরে থাকার কথা নয়। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং ব্লেড পাওয়া রুটিটি জব্দ করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-২৩ ২১:২৯:৪৮