বিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আদালত ও মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সহকারী কর কমিশনার তানজিনা সাথী তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তানজিনা সাথী ও সোহেল উদ্দিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন সোহেল উদ্দিন। পরে বিভিন্ন প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তিনি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং নেওয়া অর্থ ফেরত দিতেও অস্বীকৃতি জানান।
এছাড়া তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই মামলার বাইরে সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি যৌতুক-সংক্রান্ত মামলাও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপটে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এই প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তবে মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া এখনও চলমান থাকায় অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।
সিলেটপ্রেস প্রতিবেদক



















