পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ; পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত

কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা: কক্সবাজার থেকে ৩ আসামি গ্রেফতার, হত্যার দায় স্বীকার

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ১২:৩০:০০ PM

প্রতিনিধি

Share
10

সিলেটের কানাইঘাটে জাহাঙ্গীর আলম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামের সুন্দর করুণা দিঘী সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনা ঘটে।


অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের ভায়রা শামীম উদ্দিন (৪৫) এবং তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলমগীর বাদী হয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়।


পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গত ৫ জুলাই কক্সবাজার থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) এবং তারেক উদ্দিন (২৫)-কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত শামীম ও ডালিম বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে এবং তারেক একই এলাকার বিলাল উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।


কানাইঘাট থানা পুলিশ আরও জানায়, মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করায় নিহতের পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।


সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১২:৩০:০০