হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একজন কর্মকর্তার কাঁধে চারটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের দায়িত্ব থাকায় জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বর্তমানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পৌর প্রশাসকের দায়িত্বও পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পদোন্নতিজনিত কারণে মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) অন্যত্র বদলি হলে গত ১৬ জুন থেকে ওই পদের অতিরিক্ত দায়িত্ব পান ইউএনও। এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর পৌরসভার মেয়রের পদ শূন্য হওয়ায় ওই দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়। ফলে বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি।
মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন বলেন, আগে জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষ সহজেই সেবা পেতেন। এখন ইউএনওকে সব সময় পাওয়া যায় না। ফলে বিভিন্ন সেবা পেতে বিলম্ব হচ্ছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা রুমান মিয়া জানান, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় নামজারিসহ বিভিন্ন কাজে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একটি কাজের জন্য অনেক সময় একাধিকবার অফিসে যেতে হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিলা বলেন, একজন কর্মকর্তার পক্ষে একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কঠিন। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।
নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসের এক কর্মচারী জানান, সহকারী কমিশনার (ভূমি) পদের দায়িত্ব যুক্ত হওয়ার পর ইউএনওর কাজের চাপ অনেক বেড়েছে। নিয়মিত দাপ্তরিক কাজ শেষ করার পরও তাকে ভূমি অফিসের ফাইল নিষ্পত্তি করতে হয়। অনেক সময় গভীর রাত পর্যন্ত বাসায় বসেও কাজ করতে হয়।
স্থানীয়দের ভাষ্য, চারটি দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি ইউএনওকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন সরকারি সভা, আইনশৃঙ্খলা সভা, উন্নয়ন সমন্বয় সভাসহ নানা প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে হয়। ফলে সব দপ্তরে সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে জনসেবায়।
এ বিষয়ে ইউএনও মো. মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জ প্রতিনিধি




















