সিকন্দরপুর পশ্চিমগাঁওয়ে ফের উত্তেজনা, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ১১:০৩:৫১ AM

Share
7

দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এক যুগেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্বের জেরে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়ার অনুসারীদের সঙ্গে সাবেক ইউপি সদস্য হাজী নুর হোসেন পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতে একাধিক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় উভয় পক্ষের দায়ের করা একাধিক মামলায় শতাধিক ব্যক্তি আসামি হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ৩১ মে হাজী নুর হোসেনের বাড়ি এবং ২৪ জুন কেয়ারটেকার সুবোধ সূত্রধরের বাড়িতে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটে। ২৬ জুন সুবোধ সূত্রধরের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বাড়ির সিসিটিভি ফুটেজে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

সুবোধ সূত্রধর অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যকর ব্যবস্থা নেয়নি। পুলিশ চলে যাওয়ার পর আবারও হামলার ঘটনা ঘটে। রাস্তা বন্ধ করে দেওয়া এবং শ্মশানের ওপর দিয়ে ড্রেন নির্মাণের মাধ্যমে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, ঘটনার সময় তিনি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) বলেন, অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পাশের হাওর এলাকা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে দীর্ঘদিনের এ সংঘাতের স্থায়ী সমাধানে এলাকাবাসী সিকন্দরপুর পশ্চিমগাঁওয়ে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১১:০৩:৫১