কুলাউড়ার কুদালি ছড়ার ব্রিজ এখন মরণফাঁদ

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৬:২৪:১২ AM

Share
12

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার কুদালি ছড়ার ব্রিজটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজটির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের ভাষায়, এটি এখন পরিণত হয়েছে একপ্রকার ‘মরণফাঁদে’।

অত্যন্ত ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। অতীতেও এখানে একাধিক দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনা রয়েছে। চলতি সপ্তাহে ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় কয়েকজন স্কুলগামী শিক্ষার্থী ব্রিজের নিচে পড়ে যায় বলেও জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, মূল সড়কের তুলনায় ব্রিজটির প্রস্থ অনেক কম। এছাড়া বিভিন্ন সময়ে ভারী যানবাহনের ধাক্কায় ব্রিজের নিরাপত্তা রেলিংয়ের বেশ কয়েকটি অংশ ভেঙে গেছে। এতে ছোট যানবাহন, মোটরসাইকেল কিংবা পথচারীদের সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

স্থানীয় বাসিন্দা জসিম খান বলছিলেন, অপরিকল্পিত অবকাঠামো ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি বরমচাল থেকে সিলেটে সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় এই সড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। ফলে ব্রিজ ও এর আশপাশে দুর্ঘটনার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে দ্রুত ব্রিজটি ভেঙে আধুনিক ও পরিকল্পিত কাঠামোয় নতুন সেতু নির্মাণ করতে হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ০৬:২৪:১২