হবিগঞ্জের মাধবপুরে ১৫৩ বোতল এস্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ মো. আলমগীর মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে র্যাব-৯-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়াস্থ ছায়েম রোডের সফকো স্পিনিং মিলের সামনে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন যুবক পালানোর চেষ্টা করলে তাদের একজনকে আটক করা হয়। পরে তার বহন করা ব্যাগে তল্লাশি করে ১৫৩ বোতল এস্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা জব্দ করে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন। পরে জব্দ করা মাদকসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’




















