বাসের সহযোগীর সঙ্গে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ মল্লিকপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশন থেকে শিক্ষার্থীরা একটি বাসে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন।
তখন ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়।
শ্রমিকদের দাবি, বাসের একজন সহকারী শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন। অপরদিকে শিক্ষার্থীদের দাবি, তাদের মারধর করেছে বাসের সহযোগী।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, ‘ক্যাম্পাসে আসার সময় জয় ও আরিফ নামে দুই শিক্ষার্থীকে মারধর করেছে বাসের সহযোগী। নেশাগ্রস্ত হয়ে সে তাদের মারধর করে।’
তবে শিক্ষার্থীদের মারধরের দাবি অস্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি নূরুল হক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও ভাড়া নিয়ে বিরোধে জড়িয়েছেন। আজ এক শ্রমিককে মারধরের ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকরা সাময়িকভাবে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করেছি।’
সিলেটপ্রেস প্রতিবেদক




















