প্রধান উপদেষ্টার পোস্টের সমালোচনা করতে ফেসবুকে স্বাস্থ্য সহকারী লিখলেন ‘সবাই সাহায্যের হাত বাড়াই’

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৫ ১১:৫২:৪৪ PM

ছবি: সংগ্রহীত।

Share
67

সুনামগঞ্জ প্রতিনিধি::
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি দিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টা ২৭ মিনিটে ‘স্বাস্থ্য সহকারী’ মোবাশ্বির আলম সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Mobassir Alom Sumon’ থেকে প্রধান উপদেষ্টার পেজের ওই পোস্টের স্ক্রিনশট যুক্ত করে একটি বিতর্কিত পোস্ট করেন, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

জানা গেছে, প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর তা সরিয়ে নেওয়া হয়। অথচ, এই পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে মোবাশ্বির আলম সুমন নিজে একটি পোস্টে লিখেছেন, ‘সবাই সাহায্যের হাত বাড়াই!’ এবং এর সাথে একটি হাসির ইমোজি যুক্ত করেছেন। এছাড়াও তিনি পোস্টের শেষে ‘প্লিজ’ লিখে দুটি হাত জোড় করা অবস্থায় থাকা একটি ইমোজি যুক্ত করেন, যা সরকারের একজন কর্মচারী হয়ে সরকারের সমালোচনা করার শামিল বলে মনে করছেন অনেকেই।

এই বিতর্কিত পোস্টটি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান-এর নজরে এলে তিনি মোবাশ্বির আলম সুমনকে দ্রুত পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সুমন পোস্টটি ডিলিট করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীর এমন আচরণ নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

মোবাশ্বির আলম সুমন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘সংসদীয় আসনভিত্তিক সমন্বয় টিম’-সুনামগঞ্জ-১ এর সদস্য হিসেবে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এলাকায় তিনি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত চন্দ্র সরকার-এর আশীর্বাদপুষ্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিত। কথিত আছে, সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের সুপারিশেই তিনি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পেয়েছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার কিছু পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত মূল পোস্টে বলা হয়েছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদানে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নলিখিত হিসাবে অনুদান জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’ তবে, কেন এই পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হলো, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে স্বাস্থ্য সহকারী মোবাশ্বির আলম সুমনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি উনাকে (সুমন) বলেছি পোস্ট ডিলিট করার জন্য, তিনি কথামতো পোস্ট ডিলিট করেছেন।’ 


সিলেট প্রেস / টিএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০৭-২৩ ২৩:৫২:৪৪