সুনামগঞ্জে ২ দিনের রিমান্ডে ৫ বারের সাবেক এমপি মানিক

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৪ ০৬:৫৫:৪৫ AM

রিমান্ডের পর মানিককে কারাগারে নিয়ে যাওয়া হয়।

Share
19

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক। একই তথ্য জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। 

গতকাল সোমবার (২১ অক্টোবর )আসামিদের উপস্থিতিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামিদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র। 

প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বয়স্ক ও অসুস্থ বিবেচনায় কেবল এমএ মান্নানকে জামিন দেওয়া হয়েছে।


সিলেট প্রেস / ২২ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-২২ ০৬:৫৫:৪৫