সুনামগঞ্জ প্রতিনিধি :: ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সারাদেশ ব্যাপী পালন করা হলেও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা কোনো কর্মসূচি পালন করা হয় নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ধুমধাম করে ৫ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর জন্মদিন পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর জন্মদিন পালন করায় তীব্র নিন্দা জানাচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলছেন, ছাত্রলীগের বেশ কয়েকজন জেলা ছাত্রলীগের দায়িত্বশীল নেতাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার কথা বলার পর তারা বলেছেন আপাতত জাতীয় নির্বাচন নিয়ে ঝামেলায় থাকায় পালন করা সম্ভব হবে না। কিন্তু জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন তার জন্মদিন উদযাপন করেছেন ধুমধাম করে। এতে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই।
এবিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে ঝামেলায় থাকায় জাঁকজমক ভাবে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি, তবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে দিরাই উপজেলায় আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি।
তবে, খুঁজ নিয়ে জানা গেছে দিরাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী’র নির্বাচনী সভায় দিরাই উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ঐ সভায় তখন উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া জেলায় কোনো কর্মসূচি পালন করেন নি জেলা ছাত্রলীগের দায়িত্বশীলরা।
সিলেটপ্রেস প্রতিবেদক




















