ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীকে নকল সরবরাহ করায় সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদারকে কক্ষ পরিদর্শক থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের কেন্দ্র সচিব মহাদেব বসাক।
সোমবার ১৩ জুলাই শিক্ষার্থীরা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ইউএনও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) দেয়ার নির্দেশ দেন। পরে অধ্যক্ষ মহাদেব বসাক ওই সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদারকে শোকজ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে নকলে সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে ওই সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে। তিনি আরও বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের ব্যবস্থা নেওয়া হবে।




















