দিরাইয়ে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে ভয়ংকর পিরানহা মাছ!

  • প্রকাশের সময় : ০৮/০৫/২০২৬ ০১:২৪:১১ AM

Share
26

সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে নিষিদ্ধ ও রাক্ষুসে পিরানহা মাছকে 'সামুদ্রিক রূপচাঁদা' হিসেবে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। আজ উপজেলার কাউয়াজুরি গ্রামে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে এই মাছ বিক্রি করার সময় চন্দন নামের এক মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে গ্রামবাসী।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু ব্যবসায়ী সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে পিরানহা মাছ সংগ্রহ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছে। আজ কাউয়াজুরি গ্রামে চন্দন নামের ওই ব্যবসায়ী পিরানহা মাছ নিয়ে এলে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, সিলেটের মাহতাবপুর মাছ বাজার থেকে এই মাছ কিনে এনে রূপচাঁদা নামে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছে।

​ক্ষুব্ধ গ্রামবাসী জানান, এর আগেও এই ব্যবসায়ীকে পিরানহা মাছ বিক্রির দায়ে সতর্ক করে ধাওয়া দেওয়া হয়েছিল। কিন্তু বারবার নিষেধ করা সত্ত্বেও অধিক মুনাফার লোভে সে আবারও একই কাজ করেছে।

​এ বিষয়ে স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার নুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি বর্তমানে চিকিৎসার জন্য সিলেটে অবস্থান করছি। বিষয়টি লোকমুখে শুনেছি। এলাকায় ফিরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।"

​এদিকে দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পিরানহা মাছ চাষ, পরিবহন ও বিক্রি বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। রূপচাঁদা বলে পিরানহা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আমরা দ্রুতই বাজারগুলোতে এবং গ্রামগঞ্জে অভিযান পরিচালনা করব এবং এই অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"

​উল্লেখ্য, পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদার মতো হলেও এর দাঁত অত্যন্ত ধারালো এবং এটি একটি রাক্ষুসে মাছ। সাধারণ ক্রেতাদের চেনার সুবিধার্থে মৎস্য বিভাগকে আরও জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-০৮ ০১:২৪:১১