দিরাইয়ে প্রেমের বিয়ের ৫ মাসের মাথায় বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : ২৬/০৪/২০২৬ ০৫:৪৯:০১ PM

Share
28

প্রেম করে বিয়ের পাঁচ মাস না পেরুতেই স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনায় মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (১৮)-এর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় গার্মেন্টস কর্মী। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা পরিবারের অজান্তে বিয়ে করেন। তবে পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারা পারিবারিকভাবে বসবাস করছিলেন।

 

মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রোববার সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে সবাইকে খাবার পরিবেশন করেন। তিনি খাবার শেষে হাওরে ধান কাটতে চলে যান। কিছুক্ষণ পর খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, তার ছেলে ও পুত্রবধূ রান্নাঘরে বিষপান করে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ মারা গেছেন বলে জানিয়েছেন মাহফুজের পিতা আজিজুর রহমান।

 

এদিকে, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত মনিকা বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৪-২৬ ১৭:৪৯:০১