সুনামগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাগা এই আগুনে মার্কেটের অন্তত ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্কেটের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। জুতার দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও রাবার মজুত থাকায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের আরও ৮-১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে শান্তিগঞ্জ ইউনিটকেও তলব করা হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সেখানে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপন) কাজ চলছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে বলতে পারবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দুটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের আগুনে তাদের তিল তিল করে গড়া স্বপ্ন শেষ হয়ে গেছে। দোকানের কোনো মালামালই তারা রক্ষা করতে পারেননি। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
সিলেটপ্রেস প্রতিবেদক




















