সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সফল যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিরাই উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় পরিচালিত এই অভিযানে তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উজ্জ্বল মিয়াকে আটক করার পর তার বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলি, বেশ কয়েকটি পাসপোর্ট এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সমাজ থেকে অপরাধ নির্মূলে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ উজ্জ্বল মিয়াকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং করা হবে।
আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে এর আগেও এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিলেটপ্রেস প্রতিবেদক




















