জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন

সুনামগঞ্জে নারীদের অংশগ্রহণে গণভোট উপলক্ষ্যে অবহিতকরণ সভা ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : ১৭/০১/২০২৬ ০৫:১৩:৩১ PM

সেলাই মেশিন বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। ছবি: প্রতিনিধি।

Share
40

সুনামগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নারীদের অংশগ্রহণে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম। 


অবহিতকরণ সভা শেষে ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সো-পিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং, ব্লক বাটিক এন্ড প্রিন্টিং এর ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 


অবহিতকরণ সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং সঠিক নেতৃত্ব নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দেশের মোট ভোটারের অর্ধেকই নারী, তাই উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


বক্তারা আরও বলেন, ‘নির্বাচন ও গণভোট কেবল একটি  নির্বাচন প্রক্রিয়া নয়, এটি একটি নাগরিক অধিকার। কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনাদের মাধ্যমেই পরিবার ও সমাজে নির্বাচনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। কোনো প্রকার গুজবে কান দিবেন না আপনারা। ’


নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বক্তারা বলেন, ‘সরকার নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। আজকের এই সেলাই মেশিন বিতরণ সেই প্রচেষ্টারই অংশ। আমরা চাই আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়েও সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন।’ 


এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেরিনা দেবনাথ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার দিপান্বিতা, সহকারী কমিশনার মোসা: মরিয়ম আক্তার, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ প্রমুখ।


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০১-১৭ ১৭:১৩:৩১