সুনামগঞ্জের জামালগঞ্জে দুই বন্ধুর ধর্ষণে বিধবা ৮ মাসের অন্তঃসত্ত্বা । জানা যায়, ধর্ষণের ঘটনায় দুই বন্ধু জড়িত থাকার কথা অভিযোগে উল্লেখ করেছে ধর্ষিতা ওই নারী।
থানা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার দুপুরে ধর্ষিতা ওই নারী ধর্ষণের ব্যাপারে ভীমখালী ইউনিয়নের কাঁন্দাগাও গ্রামের আব্দুল হাসেমের পুত্র ২ নং ইউপি সদস্য ইছব আলী (৪২) ও তার বন্ধু একই ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মো. জিয়াউর রহমানকে (৪৯) অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য ইছব আলীকে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।
মঙ্গলবার দিনব্যাপী জামালগঞ্জ থানা পুলিশ বিভিন্ন সূ্ত্রে ঘটনার সত্যতা যাচাই-বাছাই করে বুধবার সকালে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/৩) এর ৯ (৩) ধারায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৩।
মামলার এজাহার সূত্রে জানাযায়, ধর্ষিতা ওই নারীর স্বামীর মৃত্যুর পর গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। রাত হলে সরকারি গুচ্ছগ্রামের বসত ঘরে রাত্রি যাপন করতেন। এরই মধ্যে ইউপি সদস্য ইছব আলী তাকে কুপ্রস্তাব দিতে থাকে। গত বছরের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে রাত ১০টার দিকে বাড়িতে ধর্ষিতা ঘুমিয়ে পড়লে ওই রাতেই প্রায় ১ টার দিকে টিনের ঘরের নিচের ফাঁকা অংশ দিয়ে সুকৌশলে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে দরজা খুলে দিলে ইছব আলীর বন্ধু জিয়াউর রহমান ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করে। এরই মধ্যে ধর্ষিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামাজিক মানসম্মান ও বিবাদীদের ভয়ে কাউকে বলেনি। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি ডাক্তারি পরীক্ষার কথা বলেন। ইউপি চেয়ারম্যান এর পরামর্শে ১ নং সাক্ষী রাফিয়া বেগম তাকে মেহেরুন্নেছা ডায়াগনস্টিক সেন্টার জামালগঞ্জে পরীক্ষা করান। উক্ত পরীক্ষায় ডাক্তার তাকে ৩৩ সপ্তাহ ০৬ দিনের অন্তঃসত্ত্বা বলে জানান। সামাজিক মানসম্মান কথা চিন্তা করিয়া স্থানীয় চেয়ারম্যান ও পঞ্চায়েত মুরুব্বিয়ানদের অবগত করিয়া এবং চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, আমরা অভিযুক্ত দুইজনের মধ্যে ইছব আলীকে আটক করেছি। জিয়াউর রহমান নামে একজন পলাতক আছে। তাকে গ্রেফতারের জন্যে জোর অভিযান চলছে।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















