সেলাই-ড্রেসিংয়েও চলে চাঁদাবাজি! ওসমানী মেডিকেলের নার্স জাহাঙ্গীরের অপসারণ চান শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৬ ০৬:০৫:৩৩ AM

Share
7

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স জাহাঙ্গীর এবং সংশ্লিষ্ট ওয়ার্ডবয়দের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়, নার্সিং শিক্ষার্থীদের হয়রানি এবং হামলার প্ররোচনা দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত নার্সের আজীবন অব্যাহতির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

​অভিযোগ সূত্রে জানা যায়, সিনিয়র স্টাফ নার্স জাহাঙ্গীর তার চাকরি জীবনে মূলত অপারেশন থিয়েটার এবং ১০৯ নম্বর ওয়ার্ডে (সেলাই ও ড্রেসিং ইউনিট) কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, এই ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা সাধারণ ও অসহায় রোগীদের কাছ থেকে ওয়ার্ডবয় জামাল ও নিরঞ্জনের মাধ্যমে মোটা অঙ্কের অবৈধ টাকা দাবি করা হয়। এমনকি টাকা দিতে অসমর্থ রোগীদের কাছ থেকে অন্য সামগ্রী বা সুবিধা নেওয়ারও অভিযোগ রয়েছে। টাকা ছাড়া কোনো কাজ না করার এই সিন্ডিকেটের পেছনে মূল ইন্ধনদাতা হিসেবে নার্স জাহাঙ্গীরের নাম উঠে এসেছে।

​স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের দাবি, এই অনিয়মের বিরুদ্ধে যখন নার্সিং শিক্ষার্থীরা সোচ্চার হন, তখন অভিযুক্ত নার্স ওয়ার্ডের কিছু কর্মচারীকে শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দেন। এরই ধারাবাহিকতায় নার্স জাহাঙ্গীরের ইন্ধনে ওয়ার্ডবয়রা নার্সিং শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়, যাতে বেশ কয়েকজন রক্তাক্ত ও আহত হন।

​এই হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিলে ঘটনাটি ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্ত নার্স সাংবাদিকদের কাছে উল্টো ২০-৩০ জন ছাত্র-ছাত্রী মিলে তার ওপর হামলা করেছে বলে মিথ্যা দাবি করেন। একই সাথে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে বেসরকারি নার্সিং কলেজগুলোর ইন্টার্নশিপ বাতিল করার জন্য একটি লিখিত আবেদন জমা দেন।

​আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজে একজন নার্স হয়ে নিজস্ব স্বার্থের জন্য নার্সদের বিপক্ষে এবং অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সমগ্র নার্স সমাজের জন্য লজ্জাজনক। এই ধরনের অপকর্ম পুরো বাংলাদেশের নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

​ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা অসহায় রোগীদের হয়রানি বন্ধ, সন্ত্রাসীদের ইন্ধনদাতা এবং এই চক্রের মূল হোতা নার্স জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আজীবনের জন্য চাকরি থেকে অব্যাহতির জোর দাবি জানিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৯ ০৬:০৫:৩৩