হত্যার অভিযোগের তদন্তে আদালতের নির্দেশ বাস্তবায়নে সিলেট জেলা প্রশাসনের আদেশ

সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ১১:১৩:৪৪ AM

Share
6

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। পরে আদেশের অনুলিপি ডাকযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা রোববার নথিভুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ উত্তোলন করা হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৬(২) ধারা অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলনের সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দেন।

পরবর্তীতে, ২৩ জুন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর (কুমকুম) মরদেহ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করলেও আদালত আবেদনটি শুধু নথিভুক্ত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মারা যান। এরপর বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআইয়ের তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। তবে পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে হত্যার অভিযোগ তুলে নতুন করে তদন্তের দাবি জানানো হচ্ছে। বর্তমানে মামলাটি নতুন করে তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১১:১৩:৪৪