বিদ্যুতের ফাঁদে নিভে গেল একই পরিবারের তিনটি প্রাণ

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৬ ০৫:৩৫:৩৫ AM

Share
7

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা, মা ও ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর-ধাওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) এবং ছেলে ফাহাদ মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিন নিজ বাড়ি ও দোকানঘরের মেরামতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের মেইন লাইনের একটি তার থেকে বিদ্যুৎ লিক হয়ে ঘরের টিনে ছড়িয়ে পড়ে। টিনে হাত দিলে প্রথমে ফাহাদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা করলে নুরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।

এদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে বাড়ির টিনের ওপর পড়ে থাকায় পুরো টিনে বিদ্যুৎ প্রবাহিত হয়। এর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-০৭ ০৫:৩৫:৩৫