হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ নিহত ২৫

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৬ ০৭:০১:৫৪ PM

Share
17

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্যও রয়েছেন। সংগঠিত অপরাধ ও গ্যাং দমনে সরকারি অভিযান চলার মধ্যেই বৃহস্পতিবার (১৯ মে) এসব হামলার ঘটনা ঘটে।


কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের ত্রুহিলো পৌর এলাকায় একটি পাম বাগানে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে বন্দুকধারীরা। স্থানীয় এক গ্রামীণ সংগঠনের নেতা বলেন, নিহতরা একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন, যারা ওই বাগান নিয়ন্ত্রণ করত। খবর আলজাজিরার।


তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বিচারে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ছিল ৬১ বছর।


ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, অনেকের মরদেহ বাগানের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কয়েকজনের পায়ে কাজের জন্য ব্যবহৃত ভারী রাবারের বুটও ছিল।


অন্যদিকে গুয়াতেমালা সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের ওমোয়া পৌর এলাকায় আরেক হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হন। পুলিশ জানিয়েছে, গ্যাং দমনের একটি অভিযানে অংশ নিতে গেলে বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।


দুই হামলার পর দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে তাৎক্ষণিক বিশেষ অভিযান চালানো হবে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।


সিলেট প্রেস / সিলেটপ্রেসডটনেট


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-২২ ১৯:০১:৫৪